অনেক সময় কম্পিউটারে কাজ করার সময় কোনও অসঙ্গতি লক্ষ্য করা গেলে কম্পিউটারটিকে রিস্টার্ট (Restart) বা পুনরায় চালু করতে হয়। তার জন্য কম্পিউটার বন্ধ করার পদ্ধতি অনুসরণ করেই শাট ডাউন শিরোনাম যুক্ত উইন্ডোতে পৌঁছতে হবে। ঐ উইন্ডোতে শাট ডাউন শব্দটির নীচে রিস্টার্ট শব্দটি রয়েছে, যার পাশেও আছে একটি বৃত্ত। এ বার কি বোর্ডে প্রয়োজন অনুযায়ী নীচের দিকে বা উপরের দিকে মুখ যুক্ত তীর চিহ্নের বাটনটি টিপে রিস্টার্ট শব্দটির পাশের বৃত্তে কালো ফুটকিটিকে নিয়ে যেতে হবে। তখন ঐ শব্দটি সক্রিয় হয়ে উঠবে। এর পর কি বোর্ডে এন্টার লেখা বাটনটি একবার টিপে দিলেই কম্পিউটার তার চালু অপারেটিং সিস্টেমের কাঠামোর ধাপগুলিকে পুনর্বিন্যস্ত করে নিয়ে ফের কাজ শুরু করবে। মাউসের সাহায্যেও কম্পিউটার শাট ডাউন বা বন্ধ এবং রিস্টার্ট বা পুনরায় চালু করা যায়। আমরা যখন মাউসের ব্যবহার সম্পর্কে জানব, তখন ঐ পদ্ধতিটি শিখে নেব। এখানে আরও একটি বিষয় জেনে রাখা দরকার। অনেক সময় কম্পিউটার নিয়ে কাজ করতে করতে হয়তো দেখা যাবে যে, কি বোর্ড বা মাউসের কোনও নির্দেশ কম্পিউটার গ্রহণ করছে না। তখন যন্ত্রটিকে পুনরায় চালু করে নিতে হয় সি পি ইউ-র সাহায্যে। তার জন্য সি পি ইউ-এ রিসেট (Reset) বলে একটি সুইচ আছে, সেটিকে টিপে দিতে হবে। এ ভাবেও কম্পিউটারকে পুনরায় চালু করে নেওয়া যায়। সে ক্ষেত্রেও কম্পিউটার তার চালু অপারেটিং সিস্টেমের কাঠামোর ধাপগুলিকে পুনর্বিন্যস্ত করে নিয়ে ফের কাজ শুরু করবে।
0 Comments
What's