এ বার জেনে নেওয়া যাক, কী ভাবে কম্পিউটার বন্ধ করতে হয়। যখন কোনও কম্পিউটারকে বন্ধ করতে হয়, তখন, কম্পিউটার যে হেতু পরিকল্পনামাফিক পথে চলে, তাই সেটিকে বন্ধও করতে হয় পরিকল্পিত পদ্ধতিতে। কোনও কম্পিউটার যে অপারেটিং সিস্টেমে চলে, কম্পিউটারটি চালু করার সময়ে তার কাঠামোর বিভিন্ন ধাপ পর পর নির্দিষ্ট নিয়মে সক্রিয় হয়ে ওঠে। স্বভাবতই কম্পিউটারকে বন্ধ করার সময়ে ঐ সিস্টেমটির ধাপগুলি ফিরতি পথে পর পর নিষ্ক্রিয় হতে থাকে। এই কারণেই কম্পিউটারকে বন্ধ করতে হলে প্রথমে কি বোর্ডের দিকে লক্ষ করলে দেখা যাবে, কি বোর্ডের একবারে নীচের সারিতে বাঁ দিক থেকে প্রথম রয়েছে Ctrl লেখা একটি বাটন। তার পাশে যে বাটনটি রয়েছে, সেই দ্বিতীয় বাটনটিকে স্টার্ট বাটনও বলা হয়ে থাকে, আবার উইন্ডোজ বাটনও বলা হয়ে থাকে। এই বাটনটি এক বার টিপলে মনিটরের পর্দায় স্টার্ট শব্দটির উপরে একটি তালিকা খুলে যায়। এবার কি বোর্ডের নীচের সারি বরাবর ডান দিকে মাঝামাঝি জায়গায় সরে এসে দেখা যাবে সেখানে উপরে, নীচে, ডান দিকে, বাঁ দিকে মুখযুক্ত চারটি তীর চিহ্নের আলাদা আলাদা বাটন রয়েছে। যে বাটনটিতে তীর চিহ্নের মুখ উপরের দিকে, সেটিকে একবার টিপলে, মনিটরের পর্দায় স্টার্ট শব্দটির উপরে যে তালিকা খোলা আছে, তার একেবারে নীচে শাট ডাউন (Shut down) শব্দটি রয়েছে এবং ঐ বাটনটি টেপার সঙ্গে সঙ্গে সেই শব্দটি ঘিরে একটি রঙিন চতুর্ভুজ বা অনুভূমিক স্তম্ভ তৈরি হয়েছে। এ বার কি বোর্ডের এন্টার (Enter) লেখা বাটনটি এক বার টিপতে হবে। তা হলে শাট ডাউন শিরোনামযুক্ত একটি চতুর্ভুজ খুলে যাবে কম্পিউটারের মনিটরের পর্দায়। কম্পিউটারের ভাষায় একে বলে উইন্ডো। লক্ষ্য করলে দেখা যাবে, উইন্ডোটির মধ্যে শাট ডাউন শব্দটির পাশে একটি বৃত্ত রয়েছে এবং সেই বৃত্তের মধ্যে একটি কালো ফুটকি দেখা যাচ্ছে। অর্থাৎ শাট ডাউন শব্দটি সক্রিয় অবস্থায় রয়েছে নিজে থেকেই (৩.১ নম্বর ছবিটি দ্রষ্টব্য)। এ বার আবার কি বোর্ডের এন্টার লেখা বাটনটি আবার এক বার টিপে দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ অপারেটিং সিস্টেমের যে কাঠামোর বিভিন্ন ধাপকে কম্পিউটার খুলেছিল, সেগুলিকেই জায়গা অনুযায়ী পরপর গুছিয়ে ও গুটিয়ে রাখার কাজ শুরু করবে কম্পিউটার। কিছু ক্ষণের মধ্যেই কম্পিউটার তার মনিটরের পর্দায় বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে, এখন কম্পিউটারটি বন্ধ করা নিরাপদ। ইংরাজিতে যে বার্তাটি তখন পর্দায় দেখা যাবে, তা হলো, ইট ইজ নাউ সেফ টু টার্ন অফ ইয়োর কম্পিউটার (It is now safe to turn off your computer)। তখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পাওয়ার নামক সুইচটি টিপে কম্পিউটার বন্ধ করে দিতে হবে। এর পর মুল প্লাগ পয়েন্টের অর্থাৎ বিদ্যুৎ সংযোগের সুইচটি অফ বা বন্ধ করে দেওয়া যেতে পারে, না দিলেও ক্ষতি নেই। সে ক্ষেত্রে আবার যখন কম্পিউটারকএ চালু করতে হবে, তখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পাওয়ার নামক সুইটটি টিপে দিলেই হবে। এমনও হতে পারে যে, শাট ডাউন শীর্ষক উইন্ডোতে শাট ডাউন লেখাটির পাশের বৃত্তে কালো ফুটকিটি নেই। সে ক্ষেত্রে লক্ষ করলে দেখতে পাওয়া যাবে, ঐ উইন্ডোতে উপর থেকে নীচে পর পর চারটি শব্দের পাশে চারটি বৃত্ত আছে। কোনও না কোনও বৃত্তে কালো ফুটকিটি থাকবেই। যদি শাট ডাউন শব্দটির উপরের বৃত্তে কালো ফুটকিটি থাকে, তা হলে কি বোর্ডে নীচের দিকে মুখযুক্ত তীর চিহ্নের বাটনটি এক বার টিপলেই কালো ফুটকিটি শাট ডাউনের বৃত্তে চলে আসবে। আবার যদি শাট ডাউন শব্দটির নীচের কোনও বৃত্তে কালো ফুটকিটি থাকে, তা হলে কি বোর্ডে উপরের দিকে মুখ যুক্ত তীর চিহ্নের বাটনটি যত বার দরকার, তত বার টিপে শাট ডাউনের বৃত্তে কালো ফুটকিটিকে নিয়ে যেতে হবে, তার পর কি বোর্ডে এন্টার বাটনটি টিপতে হবে।
0 Comments
What's